শিক্ষা

ষষ্ঠ শ্রেণি থেকেই বদলাচ্ছে শিক্ষার ধরন, যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়

বায়ান্ন প্রতিবেদন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো- আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নতুন বইও সংযোজন করা হতে পারে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেক কম।

তিনি আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সংকটটি বৈশ্বিক হওয়ায় জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এর সমাধান করা যায়, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব কটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ষষ্ঠ শ্রেণি #শিক্ষামন্ত্রী #আ ন ম এহসানুল হক মিলন