যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “মিডিয়া বা সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।”
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায় , সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে পাঁচটি মার্কিন বিমান আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ট্রাম্প এই দাবিকে অস্বীকার করে বলেন, “ওই বিমানঘাঁটিতে কয়েক দিন আগে আঘাত হানা হয়েছিল, কিন্তু কোনো বিমান ধ্বংস হয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, “পাঁচটির মধ্যে চারটি বিমান প্রায় কোনো ক্ষতি ছাড়াই পুনরায় উড়তে প্রস্তুত। একটি বিমানে সামান্য বেশি ক্ষতি হয়েছে, তবে শিগগিরই তা আকাশে উড়বে।”
প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেন, “মিডিয়ার উদ্দেশ্য আসলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে হেরে দেখানো।”
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে যে—যুদ্ধসংক্রান্ত নেতিবাচক বা সমালোচনামূলক সংবাদ পরিবেশনের কারণে সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকতে পারে। একই সঙ্গে প্রশাসন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছে।
ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার গত শনিবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সম্প্রচার মাধ্যমগুলোকে জনস্বার্থের জন্য কাজ করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স হারাতে হতে পারে।
সূত্র: আল-জাজিরা
এসি//