আন্তর্জাতিক

মস্কোতে চিকিৎসাধীন খামেনি, দাবি কুয়েতি গণমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এমন দাবি করেছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।

প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে গেল ১২ মার্চ খামেনিকে মস্কোতে নেওয়া হয়। ওই দিন দু’নেতার মধ্যে টেলিফোনে কথোপকথনের পর একটি সামরিক বিমানে করে তাকে রাশিয়ায় পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ক্রেমলিন। আল-জারিদার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও রুশ কর্তৃপক্ষ নীরব থাকে। একই বিষয়ে রুশ বার্তা সংস্থা তাস জানতে চাইলে পুতিনের মুখপাত্র বলেন, এ ধরনের প্রতিবেদনে তারা মন্তব্য করে না।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হন। তবে মোজতবা খামেনি আহত অবস্থায় বেঁচে যান।

মার্কিন গণমাধ্যমের কিছু প্রতিবেদনে তাকে গুরুতর আহত বলা হলেও ইরানি বিভিন্ন সূত্রের দাবি, তার পায়ে আঘাত লেগেছে এবং তা প্রাণঘাতী নয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #খামেনি #মোজতবা খামেনি #রাশিয়া #পুতিন