আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বাটমস

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বাটমস। এ জয়ের মধ্য দিয়ে দেশটির ইতিহাসে কোনো অঙ্গরাজ্যের গভর্নর পদে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হয়েছেন তিনি।

বুধবার (০৪ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

আটলান্টার সাবেক মেয়র বাটমস একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এ জয়ের মধ্য দিয়ে অঙ্গরাজ্যটিতে দীর্ঘ বিরতির পর গভর্নর পদ ফিরে পেল ডেমোক্র্যাটরা। ১৯৯৮ সালের পর জর্জিয়ায় গভর্নর নির্বাচনে আর জয় পায়নি দলটি।

মেয়াদ শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন বাটমস। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বাস্থ্যসেবা খাতের ধনকুবের নির্বাহী রিক জ্যাকসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জ্যাকসনকে পরাজিত করে জয় নিশ্চিত করেন বাটমস।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের দুই বছর পর অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের এ সাফল্য এলো।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন বাটমস। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় মেডিকেইড কর্মসূচির সম্প্রসারণ, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরোধিতাকে গুরুত্ব দিয়েছিলেন বাটমস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন #কেইশা ল্যান্স বাটমস #প্রথম কৃষ্ণাঙ্গ নারী #গভর্নর