যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। সিনেট নির্বাচনে জয়ী হওয়ার পূর্বাভাস পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে সিনেটে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হতে যাচ্ছে তার। নির্বাচনী ফলাফলের পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ এ তথ্য জানিয়েছে।
নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারাতে যাচ্ছেন আল-সাইয়েদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ছিল রজার্সের প্রতি। ফলে তার বিরুদ্ধে আল-সাইয়েদের সম্ভাব্য জয়কে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

পেশায় চিকিৎসক আবদুল আল-সাইয়েদ এর আগে ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ভোটের হিসাবে তিনি ৫০ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে, মাইক রজার্সের ভোটের হার ৪৭ শতাংশের বেশি।
স্থানীয় সময় বুধবার (০৪ নভেম্বর) ভোর পর্যন্ত ৫২ শতাংশ ভোট গণনা হয়েছে। এই গণনার ভিত্তিতেই আল-সাইয়েদকে বিজয়ী ঘোষণা করে জয়ের পূর্বাভাস দিয়েছে ডিসিশন ডেস্ক এইচকিউ।
আল-সাইয়েদ শেষ পর্যন্ত জয়ী হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম আমেরিকানদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন অধ্যায় যুক্ত হবে। দেশটির ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে সিনেটে তাঁর প্রবেশ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
সূত্র: দ্য হিল
এসি//