আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোর ৫টায় দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৪টায় ভার্মন্টে ভোটগ্রহণ শুরু হয়।

এরপর স্থানীয় সময় ভোর ৬টা থেকে নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরুর কথা রয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যেও স্থানীয় সময় অনুযায়ী পর্যায়ক্রমে ভোটকেন্দ্র খুলে দেওয়া হবে।

এরই মধ্যে ডাকযোগে পাঠানো ভোটপত্র এবং আগাম ভোটের মাধ্যমে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এবারের নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনেই ভোট হচ্ছে। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে ট্রাম্প প্রশাসন আগামী দুই বছর কতটা কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে এবং প্রশাসনিক নীতি বাস্তবায়ন করতে পারবে।

এ কারণে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলের কাছেই এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #মধ্যবর্তী নির্বাচন #নির্বাচন