দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ দেশটির কয়েকটি এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। গেল কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে এসব হামলা চালানো হচ্ছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
সোমবার (০৩ নভেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই নতুন করে মার্কিন হামলার খবর সামনে এল।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি। আপনারা এটাকে যুদ্ধ বলবেন কি না, তা জানি না। কারণ কয়েক মাস ধরে আমরা কোনো যুদ্ধ করছি না।’
তবে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি বা হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ দক্ষিণ ইরানের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এমএ//