আন্তর্জাতিক

দলীয় প্রার্থীকে বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর পক্ষে ডেমোক্র্যাট নেতা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে নিজ দলের প্রার্থীকে সমর্থন না দিয়ে রিপাবলিকান প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স। মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। এ সিদ্ধান্তে ডেমোক্র্যাট শিবিরে নতুন করে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে।

রোববার (০১ নভেম্বর) নিজের অবস্থান জানান স্টিভেন্স।

গত আগস্টে ডেমোক্র্যাটদের সিনেট প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে আবদুল এল-সাইয়েদের কাছে অল্প ব্যবধানে হেরে যান তিনি। তবে প্রাইমারিতে পরাজয়ের পর দলের মনোনয়ন পাওয়া এল-সাইয়েদকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টিভেন্স। এমনকি গত বুধবারও তিনি বলেছিলেন, এল-সাইয়েদের জয় চান।

ইসরাইল ও গাজায় দেশটির যুদ্ধ নিয়ে অবস্থানকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে দুই ডেমোক্র্যাট নেতার মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যেই স্টিভেন্সের সমর্থন পরিবর্তনের ঘোষণা এলো। কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে যখন ডেমোক্র্যাটরা নির্বাচনী লড়াই চালাচ্ছে, তখন তার এ সিদ্ধান্ত দলটির ভেতরে সমালোচনার জন্ম দিয়েছে।

কে এই হ্যালি স্টিভেন্স?

হ্যালি স্টিভেন্স মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। গত আগস্টে দলটির সিনেট প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সাইয়েদের কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে জয়ী হলে এল-সাইয়েদ হবেন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য।

প্রাইমারিতে পরাজয়ের পর এল-সাইয়েদকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও স্টিভেন্সের বাগ্‌দত্তা জেসন টার্কিশ গত বুধবার রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে ভোট দেওয়ার ঘোষণা দেন।

ইহুদি ডেমোক্র্যাট ও নাগরিক অধিকারবিষয়ক আইনজীবী টার্কিশ এল-সাইয়েদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ইসরাইল ও গাজায় দেশটির যুদ্ধ নিয়ে এল-সাইয়েদের বক্তব্যে ইহুদি ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, চলতি মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের প্রার্থীদের প্রায় আড়াই লাখ ডলার অনুদান দিয়েছেন টার্কিশ। এর কয়েক দিন পরই রজার্সের প্রতি সমর্থন জানান স্টিভেন্স।

এদিকে স্টিভেন্সের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আইওয়াতে নির্বাচনী প্রচারে তিনি বলেন, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স রিপাবলিকান পার্টিতে যোগ দিলে তিনি অত্যন্ত খুশি হবেন।

অন্যদিকে মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল জানিয়েছেন, স্টিভেন্স আর দলের সঙ্গে যুক্ত নন।

তিনি বলেন, কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স ‘ডেমোক্র্যাটিক পার্টিকে পরিত্যাগ করেছেন, তিনি এখন আর মিশিগান অঙ্গরাজ্যের দলীয় কাঠামোর সদস্য নন।

ডেট্রয়েটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হার্টেল আরও বলেন, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়ে স্টিভেন্স ডেমোক্র্যাটিক সমর্থকদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

সূত্র: ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্ট

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #মধ্যবর্তী নির্বাচন #হ্যালি স্টিভেন্স #মিশিগান