মার্কিন নেতৃত্বাধীন তেল অবরোধের প্রভাবে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ায় প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
কিউবার বিদ্যুৎ সংস্থা ইউএনই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, হঠাৎ করে গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বড় বিদ্যুৎকেন্দ্র বিকল হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে পুরো গ্রিড ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ছোট ছোট অংশে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে, যা পুরো ব্যবস্থাকে সচল করার প্রথম ধাপ।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপে কিউবার জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কিউবাকে তেল সরবরাহ করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।
ফলে দীর্ঘদিনের পুরোনো বিদ্যুৎ অবকাঠামোর ওপর চাপ বেড়ে গিয়ে পরিস্থিতি সংকটজনক রূপ নিয়েছে।
এই সংকট মোকাবিলায় কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কিউবা বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য হচ্ছে।
জানা যায়, চলতি বছরে কিউবায় মাত্র দুটি ছোট তেলবাহী জাহাজ পৌঁছেছে—একটি মেক্সিকো থেকে এবং অন্যটি জ্যামাইকা থেকে। অন্যদিকে, আগে নিয়মিত জ্বালানি সরবরাহকারী ভেনেজুয়েলা এ বছর এখনো দেশটিতে কোনো তেল পাঠায়নি, যা সংকটকে আরও তীব্র করেছে।
এমএ//