বিনোদন

শামস সুমনের প্রথম জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে দাফন হবে

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গনে নেওয়া হলে সেখানে এই জানাজা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

জানাজায় অংশ নেন রামেন্দ্র মজুমদার, আফজাল হোসেন, ওমর সানী, জাহিদ হাসান, মীর সাব্বিরসহ আরও অনেকে। প্রিয় এই অভিনেতাকে শেষ বিদায় জানাতে সহকর্মীদের উপস্থিতিতে শোকের আবহ তৈরি হয়।

পরিবারের সদস্যরা বর্তমানে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে রয়েছেন। তারা দেশে পৌঁছানোর পরই শামস সুমনের দাফন সম্পন্ন করা হবে। এর আগে পর্যন্ত তার মরদেহ রাজধানীর সিএমএইচের হিমঘরে সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের ইচ্ছা অনুযায়ী, রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

শামস সুমন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই সমানভাবে কাজ করে পরিচিতি পেয়েছিলেন। মৃত্যুর আগে তিনি একটি বেসরকারি রেডিও স্টেশনের দায়িত্বে ছিলেন।

 

এমএ//