ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, লারিজানির মৃত্যুর খবর তিনি গভীর দুঃখের সঙ্গে পেয়েছেন। এ ঘটনায় লারিজানির ছেলে এবং তার কয়েকজন সহকর্মীও নিহত হয়েছেন।
লারিজানিকে জ্ঞান, দূরদৃষ্টি ও প্রজ্ঞার অধিকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার অবদান ইরানের জন্য অত্যন্ত মূল্যবান ছিল।
খামেনি আরও বলেন, এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে ইসলামের শত্রুরা তাকে কতটা ভয় পেত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ইরানকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে তুলবে।
তিনি জোর দিয়ে বলেন, “এই শহীদদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে এবং অপরাধীদের খুব শিগগিরই এর মূল্য দিতে হবে।”
এর আগে মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় লারিজানি নিহত হন। ওই হামলায় তার পরিবারের সদস্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট আরও কয়েকজনও প্রাণ হারান।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//