জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদে ঘুরতে গিয়ে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেছেন। এ ঘটনায় তিন শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যহত আছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রক্ষ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে প্রতি বছর এই ব্রিজে এবং আশপাশের এলাকায় ব্যাপক মানুষের সমাগম হয়। আজ বিকেলেও সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।
এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
আই/এ