রাজধানী

রাজধানী থেকে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মানবপাচারসহ আরও কয়েকটি মামলার তথ্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেগুলোর ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সালের রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সমন্বয় কমিটির দায়িত্বেও ছিলেন।

পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২০১১ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ডিবি #গ্রেপ্তার #সাবেক এমপি