বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সংক্রান্ত আর্থিক জটিলতা নিরসনে ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ঋণ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’কে এই দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা যেন ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্টের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।”
এই উদ্যোগের ফলে মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বিদেশ যাত্রার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপের বেশ কিছু দেশের ভিসার জন্য বর্তমানে শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। এ বিষয়ে নুরুল হক নুর জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করে বাংলাদেশে তাদের কনস্যুলার সেবা বা অফিস নিশ্চিত করা হয়। আজকের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে কিছু দেশ সেবা দেওয়া শুরু করেছে। বাকি দেশগুলোও যাতে দ্রুত ঢাকায় অফিস খোলে, সে বিষয়ে পুনরায় তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আই/এ