মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধ বন্ধের পরোক্ষ আলোচনার অংশ হিসেবে পাঁচটি কঠিন শর্ত বেঁধে দিয়েছে ইরান।
বুধবার (২৫ মার্চ) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই জানায়, সোমবার (২৩ মার্চ) যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় ইরান আনুষ্ঠানিকভাবে তাদের শর্তগুলো উপস্থাপন করে।
ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ভবিষ্যতে এ অঞ্চলে আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্যারান্টি। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দেয়া।
এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করা, সাম্প্রতিক সংঘাতে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা, বা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
এর আগে সোমবার ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে এবং সাম্প্রতিক আলোচনাগুলো বেশ ফলপ্রসূ হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, গত দুই দিনে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তবে ট্রাম্পের এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি বা মধ্যস্থতাকারী পর্যায়ের আলোচনা হয়নি। বরং তারা অভিযোগ করেছে, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়ার পরই ট্রাম্প অবস্থান থেকে সরে আসেন।
এসি//