ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।
বৃহসপতিবার (২৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইল কাটজ বলেছেন বুধবার রাতে এক ‘নির্ভুল অভিযানে’ এই হামলা চালানো হয়। ওই অভিযানে নৌবাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও লক্ষ্যবস্তুতে পরিণত হন বলে দাবি করা হয়েছে।
এক ভিডিও বার্তায় কাটজ বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং মাইন পেতে হামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে তেহরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দাবি করে আসছে ইসরাইল। তাদের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি ও নিরাপত্তা প্রধান আলি লারিজানির নামও উল্লেখ করা হয়েছে।
তবে তাংসিরির মৃত্যুর বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি বলেন, খবরটি সত্য হলে এটি ইরানের জন্য বড় ধরনের ধাক্কা হবে, কারণ সাম্প্রতিক সময়ে দেশটি একাধিক উচ্চপদস্থ কমান্ডার হারিয়েছে।
এদিকে, বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে ইরানের নৌ সক্ষমতাকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। গত সপ্তাহে কাস্পিয়ান সাগরে ক্ষেপণাস্ত্রসজ্জিত জাহাজসহ কয়েকটি নৌযানে বিমান হামলার খবরও পাওয়া গেছে।
এমএ//