ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার সময়সীমা আবারও পিছিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ১০ দিনের জন্য এ হামলা স্থগিত রেখেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি জানান, ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ট্রাম্পের জানান, আলোচনার ইতিবাচক অগ্রগতি এবং তেহরানের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়া হবে। তিনি দাবি করেন, বিভিন্ন সমালোচনা বা বিভ্রান্তিকর তথ্যের বাইরে গিয়ে আলোচনা “ভালোভাবেই এগোচ্ছে”।
এর আগে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের ওপর চাপ বাড়াতে একাধিকবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জলপথ খুলে না দিলে জ্বালানি স্থাপনায় হামলা শুরু হবে।
পরে আলোচনার অগ্রগতির কথা জানিয়ে প্রথমে সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় সেই সময় আরও বাড়ানো হলো। যদিও ইরান শুরু থেকেই এ ধরনের আলোচনার দাবি অস্বীকার করে আসছে।
এমএ//