র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কালো নেপালি টুপি, জ্যাকেট ও সানগ্লাসে হাজির হন তিনি।
রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপে থাকা নেপালের জন্য শাহের নেতৃত্ব নতুন আশার সঞ্চার করেছে। তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান বাড়ানো।
গেল ৫ মার্চের নির্বাচনে তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংসদের ২৭৫ আসনের মধ্যে ১৮২টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দুর্নীতিবিরোধী আন্দোলনের পর হওয়া এ নির্বাচন ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল।
৩৫ বছর বয়সী শাহ রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র। তিনি নেপালের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং মাধেসি নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রথম নেতা হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন।
এমএ//