আন্তর্জাতিক

নেপালে ফের প্রাকৃতিক দুর্যোগ, হড়পা বানে লণ্ডভণ্ড জনপদ

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে আবারও হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি না থাকলেও পাহাড় থেকে নেমে আসা প্রবল জলস্রোতে ভেসে গেছে ৩৫টি বাড়ি। ভেঙে পড়েছে একটি লোহার সেতু ও দুটি ঝুলন্ত সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়ি গণ্ডকী জলবিদ্যুৎ প্রকল্পও। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১১ অক্টোবর) সকালে নেপালের বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ এই হড়পা বান দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে পানির স্তর স্বাভাবিক ছিল এবং আশপাশের এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতও হয়নি। এর মধ্যেই পাহাড় থেকে আকস্মিকভাবে বিপুল পরিমাণ পানি নেমে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে প্রবল স্রোত নদীর তীরবর্তী বাড়িঘর, যানবাহন ও বিভিন্ন স্থাপনা ভাসিয়ে নিয়ে যায়। পানির তোড়ে একাধিক সেতু ভেঙে পড়ার ঘটনাও ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রাতে পাহাড়ধসের কারণে সেখানে একটি অস্থায়ী হ্রদের সৃষ্টি হয়। রোববার ভোরে পানির চাপ বেড়ে হ্রদটি ভেঙে গেলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। নেপালের গোরখা অঞ্চলের পাহাড় থেকে এই জলস্রোত নেমে আসে বলে জানা গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হড়পা বান এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ছবি প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত ৩৫টি বাড়ি ভেসে গেছে। এ ছাড়া একটি লোহার সেতু ও দুটি ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়ি গণ্ডকী জলবিদ্যুৎ প্রকল্পও।

হড়পা বানের আশঙ্কায় গোরখা, ধাদিং, চিতওয়ান ও তানাহুন জেলার নদীতীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে নেপাল প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষয়ক্ষতির দিক থেকে গোরখা জেলার সালেরি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাতে হেলিকপ্টার মোতায়েন করেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এর আগে গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের ভোটেকোশী নদীতে হড়পা বানে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েন। সেই বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে হড়পা বানের কবলে পড়ল দেশটি।

সর্বশেষ এই দুর্যোগে এখন পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও নদীতীরবর্তী জনপদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে নেপাল প্রশাসন।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেপাল #পাহাড় #জলস্রোত