আন্তর্জাতিক

ইউক্রেনের উচিত নতুন প্রেসিডেন্ট খোঁজা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সক্ষম এমন একজন নতুন নেতা প্রয়োজন ইউক্রেনের। যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্যও জেলেনস্কিকে দায়ী করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনের এমন একজন নেতা দরকার, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবেন। জেলেনস্কি এরই মধ্যে একাধিক সমঝোতা করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তা করেননি বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির দাম নিয়ন্ত্রণের প্রচেষ্টার মধ্যে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল কেনার একটি চুক্তি করেন ট্রাম্প। এর আগে কয়েক সপ্তাহ ধরে জেলেনস্কিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছিলেন তিনি।

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তারা। তাঁদের আশঙ্কা, এ চুক্তির ফলে রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য অর্থের জোগান আরও সহজ হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য ইউক্রেনকে দায়ী করছেন ট্রাম্প। তার অভিযোগ, জেলেনস্কি বিশ্বজুড়ে নানা সমস্যা তৈরি করতে চান। ইউক্রেনের কর্মকাণ্ডের কারণে মার্কিন কৃষক ও খামারিরাও ডিজেলের বাড়তি দামের চাপে পড়ছেন বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। তার মতে, অদক্ষতার কারণেই এ যুদ্ধের সূত্রপাত হয়েছে।

জেলেনস্কিকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘ইউক্রেন তার ৩০ শতাংশ ভূখণ্ড হারিয়েছে এবং যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না।‘

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন #ট্রাম্প #জেলেনস্কি