দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
শনিবার (২৮ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার ব্যক্তিরা সবাই প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে।
নিহতরা হলেন—আদেল আতেফ কাদ্দুহ, হুসেইন আলি দারবিশ, হাসান মুসা নূর এল-দিন, আলি হাসান জাহহা ও ইব্রাহিম জাহের আবু জেইদ।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, জাওতার আল-ঘারবিয়াহ এলাকায় হামলার সময় মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রাণ হারান।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এর জেরে ২ মার্চ থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করে। পাল্টা জবাবে ইসরাইল লেবাননের দক্ষিণ, পূর্বাঞ্চল ও বৈরুতের উপশহরগুলোতে বিমান হামলা চালায় এবং পরবর্তীতে সীমিত স্থল অভিযান শুরু করে।
এদিকে, সংঘাতের ধারাবাহিকতায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ফলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//