পাকিস্তানের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
শুক্রবার (০৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, ডোমেল পুলিশ স্টেশনের পেছনের অংশে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি আঘাত করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকায় গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কয়েক মাইল দূর থেকেও শব্দ শোনা যায়।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন—স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে পুলিশ স্টেশনের সেন্ট্রি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি বাড়ি ধসে পড়ে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এমএ//