সিরাজগঞ্জের নলকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে । এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিভনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চাকা ফেটে যায়। এতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। মুহূর্তেই বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।
আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আই/এ