ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিরাজ এলাকায় একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ওই স্থাপনাটি ইরানের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উৎপাদনে ব্যবহৃত হতো।
মঙ্গলবার (০৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী জানিয়েছে, কারখানাটিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হতো, যা বিস্ফোরক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। তারা এটিকে ইরানের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এদিকে ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের আকাশে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে এবং অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//