রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়।
এর আগে ভোরে রাজধানীর একটি আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন।
গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল চলাকালে আসামিদের গুলিতে মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক গুরুতর আহত হন এবং তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত ১৭ জুলাই ভুক্তভোগী নিজেই বাদী হয়ে লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই সাবেক এই স্পিকারকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে।
এসি//