আইন-বিচার

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

বায়ান্ন প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৮ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১৬তম বারের মতো সময় পেল।

বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়।

গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন।

পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে মামলার তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই গণঅভ্যুত্থান #ইনকিলাব মঞ্চ #শরিফ ওসমান বিন হাদি #হত্যা