রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।
এতে বলা হয়, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো পরিচালিত অভিযানে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়। একইসঙ্গে ফুটপাত দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়।
পৃথক আর এক অভিযানে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার ফলে পথচারীদের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত হয়েছে।
জনস্বার্থে ডিএসসিসির এ উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আই/এ