দেশজুড়ে

গেঞ্জিতেই ‘ফুয়েল কার্ড’, হয়রানি ঠেকাতে যুবকের অভিনব কৌশল

সিরাজগঞ্জ প্রতিনিধি

জ্বালানি তেল নিতে গিয়ে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছিল সিরাজগঞ্জের নূর মোহাম্মদকে। কখনো পাম্পে গিয়ে শুনতে হতোতেল নেই, আবার কখনো ফুয়েল কার্ড সঙ্গে না থাকলে দেওয়া হতো না তেল। এমন পরিস্থিতিতে ঝামেলা এড়াতে নিজেই গেঞ্জিতে ফুয়েল কার্ড ছাপিয়ে নিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে তাকে এই বিশেষ গেঞ্জি পরেই দেখা যায়। বিষয়টি স্থানীয়দের দৃষ্টি কাড়ে এবং দ্রুতই এলাকায় আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, নূর মোহাম্মদ বড়পাকুড়িয়া গ্রামের বাসিন্দা এবং সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকসনামে একটি ব্যবসা পরিচালনা করেন। সম্প্রতি জ্বালানি তেল নিয়ে তৈরি সংকটের কারণে তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।এই ভোগান্তি থেকেই আসে তার ব্যতিক্রমী ভাবনা।

তিনি জানান, অনেক সময় তাড়াহুড়ায় কার্ড নিতে ভুলে যেতেন। মোবাইলে ছবি দেখালেও সেটি গ্রহণ করত না পাম্প কর্তৃপক্ষ। পরে ভাবলেন, কার্ডটি সবসময় নিজের সঙ্গে রাখার সহজ উপায় দরকার। প্রথমে গলায় ঝুলিয়ে রাখার কথা মাথায় এলেও কার্ডটি বড় হওয়ায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গেঞ্জিতেই পুরো কার্ড প্রিন্ট করে নেওয়ার সিদ্ধান্ত নেন।

গেঞ্জির সামনে রয়েছে তার পরিচয়, ছবি ও প্রয়োজনীয় তথ্য, আর পেছনের অংশে দেওয়া আছে তেল পাওয়ার সময়সূচি ও নির্দেশনা। ফলে আলাদা করে কার্ড বহনের ঝামেলা আর থাকছে না।

নূর মোহাম্মদ বলেন, এই পরিস্থিতি যতদিন থাকবে, ততদিন তিনি এই গেঞ্জিই ব্যবহার করবেন।

তার এই অভিনব উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসা দুটোই কুড়িয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুয়েল কার্ড #সিরাজগঞ্জ