নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যালয়ের এক নৈশপ্রহরীর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নৈশপ্রহরী শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) শিশুটির নানী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহজাহানের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেন বিকেলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, দুর্গাপুর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই মেয়েটি নানীর কাছে থাকত। ভুক্তভোগী শিশুটি বৃহস্পতিবার বিদ্যালয় থেকে এসে বাড়ির অন্য এক শিশুর সাথে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের খেজুর গাছ থেকে খেজুর কুড়াতে যায়।
এসময় বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহজাহান ও তার এক সহযোগী শিশু দুটিকে দেখে ডাকতে থাকে। শিশু দুটি যেতে অস্বীকৃতি জানায়। এরপর শাহজাহান ওই শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে শুকনো দিঘির (পুকুর) ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতন শুরু করে। এ সময় দুই শিশুর চিৎকারে আশপাশের মানুষ ছুটে যায়। পরে স্থানীয়রা শাহজাহানকে আটক করে। খবর পেয়ে পুলিশ শাহজাহানকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী এক নারী জানান, শাহজাহানের স্ত্রী ও চার সন্তান রয়েছে। নিয়মিত মাদক সেবন করে সে। অমানুষিক নির্যাতনের কারণে মাস খানেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
ওসি মো. কামরুল হাসান বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টায় শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আই/এ