যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ ব্যক্তির হামলায় বাংলাদেশি নিলুফার ইয়াসমিনের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমবেদনাও জানান তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে সেই ভিডিও প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প। এক সপ্তাহ আগে (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন নামে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন হাইতির এক নাগরিক।
পোস্টে ট্রাম্প বলেন, সাময়িক সুরক্ষা দেয়ার নামে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হাইতির নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ করে দিয়েছিলেন। সাময়িক সুরক্ষা কর্মসূচির অপব্যবহার করে ভিন্ন দেশের সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে।
তিনি বলেন, তার প্রশাসন বাইডেনের ওই কর্মসূচি বাতিলের চেষ্টা করছে, তবে ডিস্ট্রিক্ট কোর্টের উদারপন্থি কিছু বিচারকের কারণে তা সম্ভব হচ্ছে না।
নিহত ইয়াসমিনের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশপাশি ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
আই/এ