খুলনায় ডিপোর মধ্যে তেলবাহী লরি থেকে অকটেন চুরিকালে তেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো মধ্যে থেকে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টি, রানা, বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করার সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা হাতেনাতে ধরে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন বলেন, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোতে গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে তেল চুরির অভিযোগ তারা স্বীকার করে। এর মূল হোতা ছিলেন গাড়ির চালক। এ জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়।
আই/এ