দেশজুড়ে

সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় ২৬ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে গাছ কাটার সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দোছড়ি, থাইংখালী ও সদর বিট এলাকায় পৃথক অভিযান চালানো হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের ব্যবহার করে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচার করে আসছিল। সাম্প্রতিক সময়ে বন উজাড়ের প্রবণতা বেড়ে যাওয়ায় নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম ও প্রস্তুত করা কাঠ জব্দ করা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বন ধ্বংসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বনভূমি রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও কাঠ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

অভিযানে সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার