সড়কের ফুটপাত ব্যবহারের উপযোগিতা বজায় রাখতে তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে তখনই, যখন জনগণ এবং সিটি করপোরেশন সমানভাবে দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের ব্যবসা পরিচালনার জন্য সিটি করপোরেশনের অনুমতি প্রয়োজন হবে, ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি প্রক্রিয়ার আওতায় থাকতে হবে।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে। তবে এটি টেকসইভাবে ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। হকারদের কোথায় এবং কীভাবে বসানো হবে, সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা হবে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপের মাধ্যমে শৃঙ্খলা আনার কাজ শুরু হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, কেউই যেন রাস্তায় কিছু না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। ঢাকা শহরকে পরিষ্কার রাখতে সবাইকে শপথবদ্ধ হতে হবে, কারণ এটি রাষ্ট্রের মুখ হিসেবে পরিচিত।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়ের আগেই সতর্কতা গ্রহণ করা জরুরি।
এসি//