জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে হওয়া গণভোটের রায় বর্তমান সরকার বাস্তবায়ন করছে না। যারা নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল, তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। উল্টো সরকার নানা অজুহাতে গণরায় উপেক্ষা করে ‘ফ্যাসিবাদী স্টাইলে’ দেশ চালাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত সেক্রেটারি বলেন, জ্বালানি মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন দেশে জ্বালানি সংকট নেই, অথচ পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সারা দেশে দেড় লাখের মতো হার্পিস (বা সংশ্লিষ্ট রোগ) আক্রান্ত রোগী সংকটাপন্ন অবস্থায় থাকলেও স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি নেই। সরকারের বক্তব্য আর হাসপাতালের বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত।
তিনি বলেন, এক দেড় মাসের মধ্যে ঢালাওভাবে ওএসডি ও পদত্যাগে বাধ্য করার মতো যে ফ্যাসিবাদী স্টাইল সচিবালয় থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত তাঁরা দেখেছেন। তাতে শাসন ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। জুলাই সনদে যে ৮৪টি সংস্কার প্রস্তাব ছিল, তা সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া এই সংকটের আর কোনো সমাধান নেই।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় জোট বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
গোলাম পরওয়ার জানান, শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় গণমিছিল করবেন তাঁরা। ওইদিন থেকে ২ মে পর্যন্ত প্রতিটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে। এই কর্মসূচির পর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
আই/এ