যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, এক ঘটনায় তাদের একজন রিজার্ভ সেনা নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা ৩১ বছর বয়সী মাস্টার সার্জেন্ট লিদোর পোরাত। একই ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
এই ঘটনার পর ২ মার্চ থেকে শুরু হওয়া সাম্প্রতিক অভিযানে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। ওই সময় থেকেই লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করে ইসরাইল।
উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে দুই দেশের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি মেনে নেওয়া হলেও দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলোতে তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে।
যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব হামলা মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো হচ্ছে।
এমএ//