অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগন্য। এটা বাড়াতে হয়েছে শুধুমাত্র সরকারের তহবিলের উপর এত চাপ আসছে, আমাদের তো বাকি কার্যক্রম চালাতে হবে।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।
তেলের দাম বাড়ানো আইএমএফের শর্তের অংশ কি না এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে’। সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত সরকার চেষ্টা করেছে দাম না বাড়াতে, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।
তিনি বলেন, ‘আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে’?
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববতী সরকারের সময় হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে। আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফ এর সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। অন্যদিকে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আই/এ