দেশজুড়ে

ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৭

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী সরকারী কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিষ্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। কলেজ চত্ত্বরে থাকা ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের কার্যালয়ে ব্যাপক ভাংচুরেরও ঘটনা ঘটেছে। উভয়পক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ ৭ জন আহত হয়েছে

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ঈশ্বরদী সরকারী কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ছাত্র শিবিরকে গুপ্ত বলে তাদের কর্মকান্ড বিতর্কিত উল্লেখ করে গত মঙ্গলবার ঈশ্বরদী সরকারী কলেজে বিক্ষোভ করেন কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা কর্মীরা।

ওই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচী পালন করে ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছাত্রশিবিরের এই কর্মকান্ডে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা প্রদান করতে ইটপাটকেল ছুঁড়লে দুই দলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

এসময় ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

অভিযোগ রয়েছে এ সময় ছাত্রশিবিরের মিছিল লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় ছাত্রদল নেতা কর্মীরা। পরে উপস্থিত পুলিশ সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থলে পড়ে থাকা একটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন প্রার্থী বলেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজে বিক্ষোভ করবে এতে আমাদের কোন সমস্যা নেই। তবে আমাদের কাছে তথ্য আছে তারা বহিরাগতদের নিয়ে কলেজে নৈরাজ্য সৃষ্টি করবে। কিন্তু আমরা কলেজে যেকোন প্রকার নৈরাজ্য প্রতিহত করব

সরকারী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি  সজীব হাসান বলেন, শিবিরকে গুপ্ত বলে তাদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে ছাত্রদল। তারা গতকাল বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। সেখানে আমরা কেবল ছাত্রদের নিয়ে বিক্ষোভ করার সময় আমাদের মিছিলকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোঁড়েন ছাত্রদলের কর্মীরা। আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করলে তারা আমাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। এসময় আমরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়

ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, কলেজে ছাত্রদের নানা কর্মসূচী থাকবে এটা স্বাভাবিক। গতকাল ছাত্রদল করেছে আজ ছাত্রশিবির করবে বলে আমার কাছে অনুমতি চেয়েছে। তবে কলেজে ইনকোর্স পরীক্ষা চলছে বিধায় তাদের দুপুর ১২ টায় কর্মসূচীর সময় দেওয়া হয়েছে

বহিরাগতদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ছাত্রদের রাজনৈতিক কর্মসূচীতে বহিরাগত থাকেই। এটা স্টুডেন্ট আইডি দেখে করতে দেয়া সম্ভব নয়

ওসি আসাদুর রহমান বলেন, আমাদের সদস্যরা ঘটনাস্থলে আছে। বহিরার্গতদের প্রবেশে শতভাগ নিষিধাজ্ঞা নিশ্চিত করব। সেই সাথে কলেজে চলমান পরীক্ষা যথাযথ ভাবে চলবে। আমরা আপাতত কোন কর্মসূচী কলেজে করতে দেব না। তবে বিষ্ফোরক কোন মামলা হলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা