মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অস্থিরতার ঘন মেঘ। অনিশ্চয়তার এই ছায়ায় নিরাপত্তা উদ্বেগ বাড়তেই, ইরানে অবস্থানরত নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে জরুরি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানে থাকা সকল ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস।
এই নির্দেশনা এমন এক সময় এলো, যখন ইরান ও ভারতের মধ্যে পুনরায় বিমান চলাচল চালুর সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা চলছিল। তবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং আকাশপথের অনিশ্চয়তা বিবেচনায় এনে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো ভারতীয় নাগরিককে ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। আকাশপথ কিংবা স্থলপথ—কোনো মাধ্যমেই নতুন করে দেশটিতে প্রবেশ না করার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের নিরাপত্তার স্বার্থে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে নাগরিকদের দ্রুত প্রস্থান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে এবং এ ক্ষেত্রে দূতাবাসের নির্দেশনা মেনে চলার ওপর জোর দেয়া হয়েছে। বিশেষ করে স্থল সীমান্ত ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত রুট অনুসরণ করা এবং পূর্ব সমন্বয় ছাড়া সীমান্তের দিকে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে, কারণ এতে নিরাপত্তা ও লজিস্টিক ঝুঁকি তৈরি হতে পারে।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে পশ্চিম এশিয়ার আকাশসীমায় নানা বিধিনিষেধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব ফেলছে। ইরান ও আশপাশের দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় ঝুঁকিও বাড়ছে প্রতিনিয়ত।
এ পরিস্থিতিতে ভারত সরকার নাগরিকদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকেই অঞ্চলটিতে উত্তেজনা বাড়তে থাকায় ধাপে ধাপে একাধিক সতর্কবার্তা জারি করে আসছে নয়াদিল্লি।
এসি//