আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনে রেকর্ড ভোট ফিলিস্তিনি বংশোদ্ভূতদের!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আল জাজিরা

ইসরাইলের সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আরব নেতৃত্বাধীন দলগুলো। বুথফেরত জরিপের প্রাথমিক হিসাবে, দেশটির পার্লামেন্টে যৌথ তালিকা ও রা’আম দল মিলিয়ে ১৯টি আসন পেতে পারে। একই সঙ্গে নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকদের ভোটদানের হারও কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আভাস পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে এক-তৃতীয়াংশের বেশি ভোট গণনার পর প্রাথমিক হিসাবে যৌথ তালিকা ৯ শতাংশের বেশি ভোট পেয়েছে। তবে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন জোটের চেয়ে পিছিয়ে ছিল।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে ভোটদানের হার প্রায় ৮০ শতাংশে পৌঁছাতে পারে। ১৯৯৯ সালের পর এটিই হতে পারে সর্বোচ্চ হার। সব মিলিয়ে দেশটিতে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ।

দলের নির্বাচনী কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে ইউসুফ জাবারিন
দলের নির্বাচনী কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে ইউসুফ জাবারিন

রা’আম দলের নেতা মানসুর আব্বাস আশা করছেন, চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুবিরোধী জোট পার্লামেন্টের প্রয়োজনীয় ৬১টি আসন পেয়ে সরকার গঠন করতে পারবে। তবে প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত আলোন পিনকাস মনে করেন, আরব দলগুলোকে সরকার গঠনের প্রক্রিয়ার বাইরে রেখে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিরোধী জোটের জন্য কঠিন হতে পারে। নির্বাচনের আগে বিরোধী পক্ষের কয়েকটি দল আরব দলগুলোর সঙ্গে জোট না করার প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে সরকার গঠনের আলোচনা এগোলে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে আরব নাগরিকদের ভোটদানের হার বাড়তে থাকায় নেতানিয়াহু ও তার জোটের নেতারা সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তবে আরব রাজনীতিকেরা তাদের এই প্রচারকে বর্ণবাদী ও উসকানিমূলক বলে সমালোচনা করেছেন।

ইসরাইলের মোট জনসংখ্যা প্রায় এক কোটি। এর মধ্যে ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকের সংখ্যা প্রায় ২১ শতাংশ। এবারের নির্বাচনে তাদের উচ্চ ভোটদানের হার এবং আরব নেতৃত্বাধীন দলগুলোর সম্ভাব্য আসনসংখ্যাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #নির্বাচন #ফিলিস্তিন