আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা

স্বপ্ন ছিল একসাথে পথচলার, তার আগেই থেমে গেল সব

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

স্বপ্ন ছিল একসাথে পথচলার, ছিল নতুন জীবনের পরিকল্পনা। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ পেল না- নির্মম এক হত্যাকাণ্ডে থেমে গেল যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া দুই বাংলাদেশি তরুণ-তরুণীর জীবন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির অকাল মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে। জানা গেছে, তারা দুজনই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

তবে সেই সুখী ভবিষ্যতের সব পরিকল্পনা শেষ হয়ে যায় এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে, যেখানে দুজনই প্রাণ হারান। তাদের এই অকাল প্রয়াণে পরিবার, সহপাঠী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত লিমনের বড় ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জামিল ও বৃষ্টি একে অপরের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেছিলেন। বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় লিমন সবসময় বৃষ্টির প্রশংসা করতেন। বৃষ্টিকে তিনি খুব প্রতিভাবান মনে করতেন- যিনি একইসঙ্গে চমৎকার গান গাইতেন এবং রান্নাও জানতেন। লিমনের কাছে বৃষ্টি ছিলেন একজন গুণী মানুষ।

লিমনের পরিবার জানিয়েছে, লিমন ছিল অত্যন্ত ভদ্র ও হাসিখুশি একজন মানুষ। গত দুই বছর ধরে তিনি দক্ষিণ ফ্লোরিডার সংকুচিত জলাভূমি নিয়ে জেনারেটিভ এআই ব্যবহার করে গবেষণা করছিলেন। পিএইচডি শেষ করে দেশে ফিরে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাই ছিল তার বড় স্বপ্ন। সেই স্বপ্ন আর পূরণ হলো না।

এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

তিনি লিখেছেন, ‘আমার বোন আর আমাদের সঙ্গে নেই।’

বিবিসি বাংলাকে জাহিদ জানিয়েছেন, মার্কিন পুলিশ তাকে ফোন করে এই দুঃসংবাদ দিয়েছে। পুলিশ জানিয়েছে, বাসার ভেতরে একটি মরদেহের অবশিষ্টাংশের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলেছে। তবে পুরোপুরি মরদেহ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত নয়।

এর আগে গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন এই দুই শিক্ষার্থী। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

নিখোঁজ নাহিদাকে খুঁজে পেতে এখনো তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু ও এর আশেপাশের পানিতে ডুবুরি দল এখনো তল্লাশি চালাচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ফ্লোরিডা #শিক্ষার্থী হত্যা