রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গভীর রাতে বাসায় ঢুকে গৃহকর্তার গলায় ছুরি ধরে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তবে বাসার মালিকের সাহসিকতায় ডাকাতির ঘটনা আটকানো গেছে। এ ঘটনায় ওই বাসার সাবেক গৃহকর্মী সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বোরকা পরিহিত এক ব্যক্তি ভবনের গ্রিল বেয়ে চারতলায় উঠে একটি বাসায় প্রবেশ করে। সেখানে একা বসবাসরত ৭৮ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি আনোয়ার হোসেনের গলায় ছুরি ধরে নগদ অর্থ দাবি করে সে।
এমন পরিস্থিতিতেও তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে আনোয়ার হোসেন হামলাকারীর হাতে থাকা ছুরি চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতকে মেঝেতে ফেলে দিয়ে ছুরি নিজের হাতে নেন এবং জোরে চিৎকার শুরু করেন।
তার চিৎকারে প্রথমে ভবনের কেয়ারটেকার এবং পরে অন্যান্য বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।
পরে বোরখা খুলে দেখা যায়, আটক ব্যক্তি ওই বাসার সাবেক গৃহকর্মী সুজন। কিছুদিন আগে ডলার চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল।
স্থানীয়দের দাবি, সুজন অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত ছিলেন।
ওসি মাজহারুল ইসলাম বলেন, সুজন নামের একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ