জাতীয়

সৌদি পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

বায়ান্ন প্রতিবেদন

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে মোট ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত এই ৮৭টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

তিনি আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা ও ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ মোট ৬৬০টি সংস্থা হজ কার্যক্রম পরিচালনা করছে।

বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদি এয়ারলাইনসের ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

হজ অফিসের পরিচালক জানান, বাকি হজযাত্রীরাও নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন বিমান সংস্থার মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৮টিসহ মোট ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ ফ্লাইট #হজযাত্রী #সৌীদ আরব