১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন পূজা চেরি।
রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। বায়ান্ন টিভির পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়-এর গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।
১. ব্যক্তিগত ও পেশাগত স্বতন্ত্রতা: আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।
২. আর্থিক লেনদেন: আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নই।
৩. সম্মান ও ব্যক্তিগত জীবন: একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।
এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সাথে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।
প্রসঙ্গত, গেল শনিবার (২৫ এপ্রিল) চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দেব প্রসাদ রায়। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান। তার অভিযোগ, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে বিভিন্ন সময়ে ১৩ কোটি ২০ লাখের বেশি টাকা নিয়েছিলেন দেব প্রসাদ রায়। পরবর্তী সময়ে তিনি আর সেই টাকা ভুক্তভোগীকে ফেরত দেননি।
এমএ//