২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহী বাংলাদেশিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এই কার্যক্রম চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই আগ্রহী হজযাত্রীদের দ্রুত প্রাক-নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক আয়োজনে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে হজের সময়সূচি হস্তান্তর করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজযাত্রীদের ফ্লাইট কার্যক্রম।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
এসি//