নোয়াখালীর চাটখিলে বহুল আলোচিত ৫ বছর বয়সী শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ তৃতীয়বারের মতো পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ জুলাই এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত।
বুধবার (০১ জুলাই) জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ বিষয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা জানান, রায় ঘোষণার জন্য নির্ধারিত দিন পরিবর্তন করে আদালত নতুন করে ৬ জুলাই তারিখ ধার্য করেছেন।
নিহত শিশু আসমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। এই মামলার একমাত্র আসামি একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ও আসমার চাচাতো ভাই শাহাদাত (২৬)।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। নিখোঁজের ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংকি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আসমার চাচাতো ভাই শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।
তদন্তের সময় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের ঘটনা প্রকাশ পাওয়ার ভয় থেকে তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখেন।
ঘটনার পর পুরো নোয়াখালীজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।