দুর্নীতির মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আজ আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে তার সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, গাজা ও ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে দীর্ঘ বিরতির পর আজ সোমবার আবারও আদালতে সাক্ষ্য দেয়ার কথা ছিল নেতানিয়াহুর। কিন্তু চরম নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় আদালত কার্যক্রম শুরুর মাত্র এক ঘণ্টা আগেই সেটি স্থগিত ঘোষণা করা হয়।
ইসরাইলি গণমাধ্যমের বরাতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আইনজীবী অমিত হাদাদ নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে আদালতে হাজিরা পিছিয়ে দেয়ার আবেদন করেন। চলমান যুদ্ধ পরিস্থিতিতে জনসমক্ষে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর উপস্থিতি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে তার আইনজীবী দল মনে করছে।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের নির্ধারিত সাক্ষ্যদান কার্যক্রম বাতিল করে। ২০১৯ সাল থেকে চলমান এই ফৌজদারি মামলার অংশ হিসেবেই এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মতো গুরুতর অভিযোগ রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এর আগেও একাধিকবার বিচার প্রক্রিয়া ব্যাহত হয়েছে।
যদিও এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী, তবে আজকের শেষ মুহূর্তের স্থগিতাদেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। আদালত পরবর্তী শুনানির তারিখ এখনো ঘোষণা করেনি।
এসি//