প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে। এছাড়া ৫ লিটারের বোতল এখন বিক্রি হবে ৯৭৫ টাকায়। এছাড়া পামওয়েলের দাম অপরিবর্তিত থাকবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই ভোক্তার ওপর চাপ। তবে আগামীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের তেলের বাজারেও দেখা যাবে বলে আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
এমএ//