আন্তর্জাতিক

ইরানে বোমা বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান শহরে অবিস্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আইআরজিসির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরিত বোমাটির ধরন নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। নিহত সদস্যরা সবাই ইউনিটটির অত্যন্ত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, জানজানের যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেখানে একাধিক ক্লাস্টার বোমা ও আকাশপথে নিক্ষেপ করা মাইন ছড়িয়ে রয়েছে। গত ২৮ এপ্রিল শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত চলাকালে মার্কিন বিমানবাহিনী ওই অঞ্চলে বেশ কিছু বোমা ফেলেছিল, যার একটি অংশ বিস্ফোরিত না হয়ে থেকে যায়।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার অভিযান শুরু করে আইআরজিসির বিশেষজ্ঞ দল।

বাহিনীটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, জানজানের এই বিস্ফোরণ চলমান যুদ্ধবিরতির সময় আইআরজিসির জন্য সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

সূত্র : ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আইআরজিসি #আহত #বোমা