জাতীয়

ধান সংগ্রহে মধ্যস্বত্বভোগী থাকবে না: ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি

সরকার ধানের মূল্য নির্ধারণ করেছে। কৃষকরা যেন সঠিকভাবে এর মূল্য পায়, সে জন্য ধান সংগ্রহের টাকা কৃষকদেরকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। এ নিয়ে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন ও ভূমি প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (০৩ মে) সন্ধ্যায় নেত্রকোনায় মোক্তারপাড়া পাবলিক হলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, চাল সংগ্রহের সময় ছিল চলতি মাসের ১৫ তারিখ। সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, তলিয়ে গেছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী চাল সংগ্রহের সময় এগিয়ে নিয়ে এসেছেন। যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায়।

হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের একটি প্যাকেজ ঘোষণা করেছেন। প্রয়োজনে এটি আরো বৃদ্ধি করা হতে পারে। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো প্রত্যেকটি গ্রামীণ অর্থনীতিতে সচ্ছলতা, অবকাঠামো উন্নয়ন ও নিম্ন আয়ের মানুষের ন্যূনতম প্রয়োজন রাষ্ট্র মেটাতে পারে সে ক্ষেত্রে ভূমিকা রাখবে। 

এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে নেত্রকোনার-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাক্তার মো. আনোয়ারুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান ও নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

উল্লেখ্য, জেলায় বোরো মৌসুমে ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।

 

এমএ//