আন্তর্জাতিক

কেরালায় বাম দুর্গ ভেঙে মুসলিম তরুণীর ঐতিহাসিক জয়

আন্তর্জাতিক ডেস্ক

কেরালার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফাতেমা তাহলিয়া। বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে জয় তুলে নিয়ে তিনি পরাজিত করেছেন সিপিআই (এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী হিসেবে এই গুরুত্বপূর্ণ বিজয়ের মাধ্যমে তিনি রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিশেষ বার্তা দিয়েছেন।

মাত্র ৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়া পেয়েছেন ৬৩ হাজার ৯৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪ হাজার ৭০০ ভোটে হারিয়ে তিনি শুধু আসনটি দখল করেননি, মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবেও গড়েছেন নতুন ইতিহাস।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেয়া তাহলিয়ার রাজনৈতিক যাত্রা শুরু ছাত্ররাজনীতি থেকে। মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেয়ার পর তিনি কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক। পাশাপাশি পেশাগত জীবনেও তিনি প্রতিষ্ঠিত—কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে এখন কালিকট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করছেন।

তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। প্রার্থী হওয়ার পর থেকেই তাকে সাইবার হামলা ও অনলাইন হয়রানির মুখে পড়তে হয়। হিজাব পরিহিত তরুণ মুসলিম নারী হিসেবে তার যোগ্যতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। কিন্তু সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে দৃঢ়তা ও সাহসের সঙ্গে নির্বাচনী লড়াই চালিয়ে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করেন তিনি।

বিশ্লেষকদের মতে, পেরামব্রার মতো বামপন্থিদের শক্ত ঘাঁটিতে ফাতেমা তাহলিয়ার এই জয় শুধু একটি আসনের ফল নয়, বরং কেরালার রাজনৈতিক সমীকরণে সম্ভাব্য পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কেরালা #ফাতেমা তাহলিয়া #মুসলিম লীগ